ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

সরকারি কাজে কারা বাধা দিচ্ছেন, শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ

‘সবার ওপরে বাংলাদেশ’ নীতি বাস্তবায়নে বর্তমান সরকারের কার্যক্রমে অসহযোগিতা বা অবহেলাকারীদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে সুপারিশ করেছে সংসদীয় কমিটি।


বুধবার (১৪ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত জনপ্রশাসন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। কোন কোন প্রকল্পে ধীর গতি আছে, সেটিও অনুসন্ধান করার সুপারিশ করেছে কমিটি।বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বৈঠকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থাগুলোর কার্যক্রম সম্পর্কে কমিটিকে অবহিত করা হয়। কমিটি রাষ্ট্র মেরামতে মননশীলতার পরিবর্তন ঘটিয়ে ৩১ দফা সংস্কার বাস্তবায়নে মাঠপর্যায়ে সবাইকে সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম পরিচালনার পরামর্শ দেয়।


কমিটির সভাপতি সাঈদ আহমেদ বৈঠকে বলেন, কোনো সিদ্ধান্ত বাস্তবায়নে আইনগত, প্রশাসনিক বা বাস্তব কোনো বাধা থাকলে তা কমিটির সামনে তুলে ধরতে হবে। কোনো বিষয় গোপন না করে প্রয়োজনীয় তথ্য, প্রাসঙ্গিক নথি এবং বাস্তব পরিস্থিতি উপস্থাপন করতে হবে। নাগরিক সেবা সহজ ও দ্রুত করতে হবে। জবাবদিহি নিশ্চিত করতে হবে। ডিজিটাল সেবা এবং তথ্যপ্রযুক্তির ব্যবহারের মাধ্যমে নাগরিকের সময়, অর্থ ও শ্রম সাশ্রয় হয়। তাই সেবায় প্রযুক্তির কার্যকর ব্যবহার নিশ্চিত করতে হবে এবং অনিয়মের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে।


কমিটির সভাপতি আরও বলেন, ‘সমস্যা সমাধানে আমাদের পূর্বের ন্যায় ধ্যানধারণা থেকে বের হয়ে এসে জবাবদিহি, স্বচ্ছতা ও সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করতে হবে। আপনারা ভুলে যাবেন না যে আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী। কোনো দলের, ব্যক্তির বা গোষ্ঠীর নন। এই কমিটিকে কেউ প্রতিপক্ষ ভাববেন না, এটি আমাদের সবার কমিটি।’


বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি সাঈদ আহমেদ। সদস্যদের মধ্যে বৈঠকে অংশ নেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আবদুল বারী, এ বি এম আশরাফ উদ্দিন (নিজান), শাহজাহান চৌধুরী, আমিরুল ইসলাম খান, ফখর উদ্দিন আহমেদ, রেহেনা আক্তার ও মো. নূরুল ইসলাম।


ads
ads
ads

Our Facebook Page

↑